মেসিকে আর্জেন্টিনার করে দেওয়া সেই ফুটবল সংগঠক আর নেই

স্পেন জাতীয় দলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়ে লিওনেল মেসিকে আর্জেন্টিনার জার্সিতে স্থায়ীভাবে যুক্ত করতে যিনি সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন, সেই প্রভাবশালী ফুটবল সংগঠক ওমার সাউতো আর বেঁচে নেই। ৭৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে আর্জেন্টাইন ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) তিন দশকেরও বেশি সময় কাজ করেছেন সাউতো। তার প্রয়াণে মেসি, এএফএ এবং সংগঠনের সভাপতি ক্লাউদিও তাপিয়া গভীর সমবেদনা জানিয়েছেন।

বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে বেড়ে ওঠায় স্পেন জাতীয় দলে খেলার সুযোগ ছিল মেসির সামনে। কাতালুনিয়ায় ক্যারিয়ার শুরু করায় স্প্যানিশ ফুটবল কর্মকর্তারাও তাকে দলে টানতে আগ্রহী ছিলেন। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেন ওমার সাউতো। তিনি মেসির বাবার সঙ্গে যোগাযোগ করে আর্জেন্টিনার হয়ে খেলার সব প্রক্রিয়া নিশ্চিত করেন।

সাউতোর মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। তিনি লিখেছেন, ‘আপনি সবসময় আমার পাশে ছিলেন। আপনার কারণেই আর্জেন্টিনা আমাকে গুরুত্ব দিয়েছে। আপনাকে ভুলে থাকা অসম্ভব। আমার মতো যেসব ফুটবলার জাতীয় দলে আপনার সান্নিধ্যে ছিল, তারা কেউই আপনাকে ভুলবে না। শান্তিতে থাকুন, সাউতো।

বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card

Dutch-Bangla bank New account opening free visa debit card

এএফএও এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে লিখেছে, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের জাতীয় দলের পরিচিত মুখ ওমার সাউতো আর নেই। ধন্যবাদ সাউতো, আপনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। দলের প্রতি আপনার নিবেদন, মানবিকতা আর ভালোবাসার তুলনা ছিল না।’

সভাপতি ক্লাউদিও তাপিয়াও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আকাশ আরও এক আর্জেন্টাইন আত্মাকে বরণ করে নিল। জাতীয় দলের জন্য সাউতো যা করে গেছেন, সেটার মূল্য ভাষায় বোঝানো অসম্ভব। তিনি সবসময় উদাহরণ হয়ে থাকবেন।’

0%
0%
No Comment Yet