সাবেক এমপি সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে দুদকের মামলা
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ সময়: ১৭:৩৫:৫৮
ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ (বাসস) : সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে আজ দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে ৬৪ লাখ ৪৮ হাজার ৪৭৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং এক কোটি এক লাখ ৬৪ হাজার তিন টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়, সম্পদ বিবরণীতে সাবেক এই সংসদ সদস্য স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ১ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৮০২ টাকার সম্পদের তথ্য দেন।
তবে দুদকের যাচাইয়ে তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৮০ লাখ ৮২ হাজার ২৮০ টাকা পাওয়া যায়। এতে ৬৪ লাখ ৪৮ হাজার ৪৭৮ টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
এজাহারের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত সময়ে তার গ্রহণযোগ্য মোট আয় ১ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার ৬৪১ টাকা। এ সময়ে পারিবারিক খরচ, কর পরিশোধ ও অন্যান্য খাতে তার মোট ব্যয় ছিল ৫৭ লাখ ২৭ হাজার ৩৬৪ টাকা।
দুদক জানায়, ব্যয়সহ তার মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৩৮ লাখ নয় হাজার ৬৪৪ টাকা। এর বিপরীতে গ্রহণযোগ্য আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ১ কোটি এক লাখ ৬৪ হাজার তিন টাকা।
এজাহারে আরও বলা হয়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের পর ২০২৫ সালের ৯ নভেম্বর সেলিম আলতাফ জর্জ তার সম্পদ ও দায়-দেনার বিবরণী দাখিল করেন। পরে ওই বিবরণী যাচাই করে দুদক তার বিরুদ্ধে মামলা দায়েরের সুপারিশ করে।
No Comment Yet