রপ্তানি বহুমুখীকরণে ঢাকায় বসছে গ্লোবাল সোর্সিং এক্সপো
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ সময়: ০৯:৫১:২৭
ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ (বাসস): বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার সম্প্রসারণ এবং দেশীয় উৎপাদকদের সঙ্গে আন্তর্জাতিক ক্রেতাদের সংযোগ বাড়াতে আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা ২০২৬’।
রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) অনুষ্ঠিতব্য এ এক্সপোতে ২০০টির বেশি স্টল থাকবে বলে আশা করা হচ্ছে। এবারের আয়োজনে গত বছরের আটটি খাতের পরিবর্তে ১২টি খাত অন্তর্ভুক্ত করা হয়েছে।
এক্সপোর প্রস্তুতি উপলক্ষে আজ স্থানীয় একটি হোটেলে আয়োজিত ‘ভিউ এক্সচেঞ্জ’ সভায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ এবং বিদেশি ক্রেতাদের কাছে দেশীয় পণ্য তুলে ধরতে এ এক্সপো কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
তিনি বলেন, এক্সপোতে সেমিনার, ব্যবসায়িক পর্যায়ে ক্রেতা-বিক্রেতার বৈঠক (বিটুবি), অনলাইন ম্যাচমেকিং, নেটওয়ার্কিং ও কারখানা পরিদর্শনের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় আন্তর্জাতিক ক্রেতাদের অংশগ্রহণ বাড়াতে হোটেলে বিশেষ মূল্যছাড় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণের ক্ষেত্রে ছাড়ের বিষয়টি তুলে ধরা হয়। বিদেশে বাংলাদেশের মিশন, বিভিন্ন দেশের দূতাবাস, আন্তর্জাতিক ক্রেতা সমিতি ও যৌথ বাণিজ্য চেম্বারগুলোর সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025
ব্যবসায়ী প্রতিনিধিরা নারী উদ্যোক্তা ও এসএমই প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ানো, মানসম্মত স্টল-প্যাভিলিয়ন নিশ্চিত করা এবং প্লাস্টিক, হিমায়িত খাদ্য, মৎস্য, পাট, আসবাবপত্র ও ওষুধসহ সম্ভাবনাময় খাতের পণ্য আন্তর্জাতিক ক্রেতাদের কাছে তুলে ধরার প্রস্তাব দেন।
তারা ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে নতুন ক্রেতা অনুসন্ধান, রপ্তানি পণ্যের প্রচার বৃদ্ধি এবং মেলা-পরবর্তী সময়ে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
No Comment Yet