দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তায় দেশব্যাপী এসআরবির গোয়েন্দা নজরদারি বৃদ্ধি : ডিজি

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ (বাসস): স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ বলেছেন, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। 

এসআরবি মহাপরিচালক বলেন, গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা। আগামী ২১ অক্টোবর শুভ বিজয়ার মধ্য দিয়ে শেষ হবে এই পূজা। 

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে এ বছর এসআরবি বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। পূজাকে কেন্দ্র করে সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সংখ্যক এসআরবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মহাপরিচালক বলেন, আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে ১৫টি ব্যাটালিয়নের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় প্রতিদিন প্রায় সাড়ে ৬ হাজার সদস্য, সাড়ে ৫০০ পিকআপ এবং সাড়ে ৪০০ মোটরসাইকেল দৃশ্যমান টহল পরিচালনা করছেন।

তিনি বলেন, এসআরবির ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় সুইপিং কার্যক্রমে অংশগ্রহণ করছে। যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় এসআরবির স্পেশাল ফোর্স টিম সার্বক্ষণিক প্রস্তুত এবং প্রয়োজনীয় সংখ্যক ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। 

বিজ্ঞাপন

Anjara World Shop

তিনি আরও বলেন, প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এসআরবি ডিজি বলেন, ব্যাটালিয়নগুলো নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের অধিক্ষেত্রে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। 

তিনি বলেন, এসআরবি সদর দপ্তরের কন্ট্রোল রুমের মাধ্যমে ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরার মাধ্যমেও নজরদারি করা হচ্ছে। কোনো দুষ্কৃতকারী পূজামণ্ডপ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসআরবি মহাপরিচালক আহসান হাবীব পলাশ বলেন, গোয়েন্দা তথ্য, সাইবার নজরদারিসহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এরপরও যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা মোকাবিলা করতে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে এলিট ফোর্স- এসআরবি। পাশাপাশি ভার্চুয়াল জগতে যেকোনো ধরনের গুজব বা মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে এসআরবির সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে। 

0%
0%
No Comment Yet