ঝালকাঠি কীর্তিপাশায় দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, দরিদ্র রোগীদের চশমা বিতরণ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ সময়: ০৯:৫২:৫৪
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশায় বিনামূল্যে সাধারণ স্বাস্থ্যসেবা ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কীর্তিপাশার ভিমরুলী দ্বারকানাথ মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সাধারণ স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি দৃষ্টিশক্তিজনিত সমস্যায় ভুগছেন এমন দরিদ্র রোগীদের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পে চিকিৎসকের পরামর্শ ও সাধারণ স্বাস্থ্যসেবার জন্য কোনো ফি নেওয়া হয়নি। তবে প্রয়োজনীয় ওষুধ রোগীদের নিজ খরচে সংগ্রহ করতে হয়েছে। জরুরি প্রয়োজনে কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার জন্য ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা দেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশালের এমবিবিএস চিকিৎসক ডা. মিতু বিশ্বাস।
বিজ্ঞাপন
Anjara World Shop
ক্যাম্পটির সার্বিক আয়োজন করেন কীর্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মো.রেজাউল হাসান মুন্না। তিনি ঝালকাঠি সদর উপজেলা বিএনপির প্রবাসীকল্যাণ সম্পাদক, জাতীয়তাবাদী নাগরিক সমাজের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি।
আয়োজন প্রসঙ্গে মো. রেজাউল হাসান মুন্না বলেন, ভবিষ্যতে কীর্তিপাশা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে তাঁর। নির্বাচিত হলে জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি জনস্বার্থে উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে আরও সম্পৃক্ত করতে চান তিনি। এ সময় তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কীর্তিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভবেন্দ্রনাথ হালদার এবং ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সরদার মো. সাফায়েত হোসেন। এ ছাড়া কীর্তিপাশা বাজার কমিটির সভাপতি পুলক হালদার ও সুষেন হালদার ক্যাম্প আয়োজনে সার্বিক সহযোগিতা করেন।
No Comment Yet