কন্যাকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ সময়: ২০:১৮:৩৫
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের দায়ে এবাদত মীর (৫১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে অতিরিক্ত এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তেহসিন ইফতেখার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯ জানুয়ারি লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাঁও আশ্রয়ণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির মা আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং কাজের কারণে সেখানে অবস্থান করতেন। এই সুযোগে এবাদত মীর নিজের মেয়েকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করতেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার দিন মেয়েকে ধর্ষণের সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। ওই দিনই প্রতিবেশী ইউনুস ফরাজী বাদী হয়ে লৌহজং থানায় মামলা করেন।
মামলার বিচার চলাকালে আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর আলম। তিনি এ রায়কে ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
দীর্ঘ প্রায় ১১ বছর বিচারপ্রক্রিয়া শেষে এ রায় দেওয়া হলো।
No Comment Yet