থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পেটানোর অভিযোগে আসলাম গ্রেপ্তার
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ সময়: ১০:৪৮:০১
জয়পুরহাটের কালাই থানায় ঢুকে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে আসলাম হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার থুপসাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২১ অক্টোবর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
আসলাম হোসেন কালাই উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য ও জুয়া আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাই থানার কয়েকজন পুলিশ সদস্য দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কাঠের বাটাম হাতে থানার ভেতরে প্রবেশ করেন আসলাম। পুলিশ সদস্যরা তাঁর পরিচয় ও থানায় আসার কারণ জানতে চাইলে তিনি কনস্টেবল মো. মাহমুদুল হাসান রকিকে বাটাম দিয়ে আঘাত করেন। এতে রকির বাঁ চোয়ালে আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন।
এজাহারে আরও বলা হয়, আসলামকে আটকানোর চেষ্টা করলে তিনি ড্রাইভার কনস্টেবল মো. মাসুদ রানার পিঠে আঘাত করেন। এ সময় স্মৃতি আক্তার নামে এক নারী পুলিশ সদস্য এগিয়ে এলে তাঁর ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতেও আঘাত লাগে। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে বাটাম ফেলে থানার চত্বর থেকে পালিয়ে যান আসলাম।
আহত তিন পুলিশ সদস্যকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
এ ঘটনায় কালাই থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবিব বাদী হয়ে আসলামের বিরুদ্ধে মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা দেওয়া এবং হত্যার উদ্দেশ্যে মারধর করে জখম করার অভিযোগ আনা হয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মামলা হওয়ার পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
No Comment Yet