মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যা, ময়নাতদন্তে মাথা থেকে বের হলো কার্তুজ

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের মাথা থেকে গুলির কার্তুজ উদ্ধার করেছেন চিকিৎসক। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাগুরা সদর হাসপাতালে তাঁর মরদেহের ময়নাতদন্তের সময় কার্তুজটি বের করা হয়। এর মধ্য দিয়ে গুলিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সাকের হোসেনের মাথা থেকে গুলির কার্তুজ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে বুধবার ভোর ৬টার দিকে মাগুরা শহরের পারনান্দুয়ালী বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার থেকে সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা তাঁকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাকের হোসেন শহরের পারনান্দুয়ালী বেপারীপাড়া এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে। যুবদলের রাজনীতির পাশাপাশি তিনি রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার ভোরে কাউন্টারে যান সাকের হোসেন। একপর্যায়ে তাঁকে সেখানে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রথমে তাঁর মৃত্যু স্ট্রোকের কারণে হয়েছে বলে ধারণা করা হয়েছিল। পরে মরদেহ গোসল করানোর সময় স্বজনেরা মাথার পেছনে ক্ষত দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানোর পর ময়নাতদন্তে তাঁর মাথা থেকে গুলির কার্তুজ উদ্ধার হয়।

বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card

Dutch-Bangla bank New account opening free visa debit card

এদিকে, সাকের হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় পারনান্দুয়ালী ঢাকারোড এলাকায় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

0%
0%
No Comment Yet