ভেনেজুয়েলার গণতান্ত্রিক রূপান্তর নিয়ে সর্বশেষ আলোচনা পর্বের সমাপ্তিকে স্বাগত যুক্তরাষ্ট্রের

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলায় গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের মধ্যে সর্বশেষ দফার আলোচনা শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কঠোর সমাজতান্ত্রিক শাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় গত আগস্টে এ আলোচনা শুরু হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত জানুয়ারিতে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলায় গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য ওয়াশিংটনের ওপর চাপ বাড়ছে। 

এ পরিস্থিতিতে মাদুরোর সাবেক ঘনিষ্ঠ সহযোগী ও তৎকালীন ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে বিরোধী দলের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসতে উৎসাহিত করে যুক্তরাষ্ট্র। 

বিরোধী প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দিনোরাহ ফিগুয়েরা। বৃহস্পতিবার বিরোধী দলের সঙ্গে বৈঠক শেষে রদ্রিগেজ বলেন, ‘সবার জন্য রাজনৈতিক নিশ্চয়তা প্রতিষ্ঠার ক্ষেত্রে এগিয়ে যেতে সংলাপে অংশ নেওয়া পক্ষগুলোর প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই এবং স্বীকৃতি দিচ্ছি।’

প্রেসিডেন্ট প্রাসাদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ফিগুয়েরা এমন একটি রাজনৈতিক জোটের নেতৃত্ব দিয়েছেন, যারা ২০১৫ সালের জাতীয় পরিষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক স্বীকৃতি পাওয়া ভোটের মাধ্যমে নির্বাচিত সর্বশেষ আইনসভা ছিল ওই জাতীয় পরিষদ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনার তৃতীয় দফায় বেশ কিছু বাস্তব অগ্রগতি হয়েছে। 

বিজ্ঞাপন

Shwapno Super Shop

এর মধ্যে রয়েছে, রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতা বাড়াতে এবং সব রাজনৈতিক পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করতে কয়েকটি দমনমূলক আইন পর্যালোচনা ও সংশোধনের বিষয়ে একমত হওয়া।

বিবৃতিতে আরও বলা হয়, একটি স্বাধীন সুপ্রিম কোর্ট পুনর্গঠনের ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, আলোচনা শুরু হওয়ার পর থেকে সংবাদমাধ্যমের স্বাধীনতা জোরদার হয়েছে এবং আগে বন্ধ করে দেওয়া ৭০টির বেশি ওয়েবসাইটে প্রবেশাধিকার পুনরায় চালু করা হয়েছে। 

এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যাংক অব ইংল্যান্ডে থাকা সোনার মজুত পুনরুদ্ধারের বিষয়ে একটি সমঝোতা হয়েছে এবং দমনমূলক ‘বিদ্বেষবিরোধী আইন’ সংস্কারের উদ্যোগও এগিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ভেনেজুয়েলায় শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় দেশটির জনগণের নেতৃত্বাধীন উদ্যোগকে সমর্থন দিতে ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, নির্বাসিত বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে আলোচনা প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। 

0%
0%
No Comment Yet