ফেসবুকে “স্নাইপার” মন্তব্যের অভিযোগে ছেলের পর বাবা আটক
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ সময়: ১৩:০২:৪৪
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্যের অভিযোগে ছেলের পর তার বাবাকেও আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
তাদের রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সংবেদনশীল হওয়ায় তদন্ত চলছে বলে জানিয়েছে এসআরবি।আটক দুজন হলেন আয়নাল হক ও তার ছেলে মো. আবু বকর সিদ্দিক (২২)। আবু বকর রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। নগরের রামচন্দ্রপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এসআরবি-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল ইশতিয়াক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আয়নাল হক ও তার ছেলে আবু বকর সিদ্দিককে রাজশাহী মহানগর পুলিশের ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বিষয়টি সংবেদনশীল হওয়ায় তদন্ত করা হচ্ছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
আবু বকরের মা আসমাউল হুসনার দাবি, আগের দিন সন্ধ্যায় তার ছেলে আবু বকরকে বাসা থেকে নিয়ে যাওয়া হয়। পরে তার বাসা থেকে স্বামী আয়নাল হককে আটক করা হয়।স্থানীয়দের মতে, আয়নাল হক আওয়ামী লীগের সমর্থক ও ভোটার হলেও দলটির কোনো পদে ছিলেন না। তার ছেলে আবু বকর সিদ্দিকও কোনো রাজনৈতিক দলের সক্রিয় পদে ছিলেন না।আবু বকরের বন্ধু ও এলাকাবাসীর দাবি, তিনি নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না। পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে কৃষিকাজ করতেন এবং ভ্যানে করে বিভিন্ন হাটে কাঁচামাল বিক্রি করতেন।আবু বকরের বন্ধু মনিরুল বলেন, দীর্ঘদিন ধরে তারা একসঙ্গে খেলাধুলা ও মেলামেশা করেন। আবু বকর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে তিনি জানেন না। তার ধারণা, ফেসবুকের মন্তব্যটি ভুলবশত বা না বুঝে করা হয়ে থাকতে পারে।
No Comment Yet