সাবেক অতিরিক্ত সচিব আইয়ূবুর রহমান খানের ইন্তেকাল: হাজারো মুসল্লির উপস্থিতিতে জানাজা সম্পন্ন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬ সময়: ০৯:১৯:৫৫
গাজীপুরের কাপাসিয়া উপজেলার কৃতি সন্তান, সাবেক অতিরিক্ত সচিব মোঃ আইয়ূবুর রহমান খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮ ঘটিকার সময় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আইয়ূবুর রহমান খান তার কর্মময় জীবনে শিক্ষাব্যবস্থা ও প্রশাসনে অনন্য অবদান রেখেছেন। তারাগঞ্জ এইচ এন উচ্চ বিদ্যালয় ও কলেজের ’৭১ ব্যাচের মেধাবী ছাত্র ছিলেন তিনি। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণের পর শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি তারাগঞ্জ স্কুল, মনোহরদী কলেজ এবং নরসিংদী সরকারি কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেন।
বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিআরটিএ চেয়ারম্যান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। অবসর জীবনে নিরাপদ সড়ক আন্দোলন ও যাত্রী কল্যাণ সংস্থার উপদেষ্টা হিসেবে সক্রিয় ছিলেন।
কাপাসিয়ার শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। বিশেষ করে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ, সৈয়দা জোহরা তাজউদ্দীন আহমেদ নার্সিং কলেজ এবং মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
বৃহস্পতিবার বাদ মাগরিব সাড়ে ৬টায় কাপাসিয়ার তারাগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এর আগে প্রথম জানাজা ঢাকার আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
জানাজায় উপস্থিত ছিলেন কাপাসিয়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর রশিদ খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুদ্দিন খান, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান এম এ ওহাব খান (খোকা) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
একজন সৎ, নীতিবান ও আলোকিত মানুষের প্রয়াণে কাপাসিয়া তথা পুরো গাজীপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
No Comment Yet