বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ সামরিক বাহিনী গড়ে তুলতে প্রশিক্ষণের নির্দেশ কিমের
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ সময়: ১৬:২১:৫১
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ (বাসস): বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে সেনাদের প্রশিক্ষণ জোরদারের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। পিয়ংইয়ংয়ে দুই দিনব্যাপী কোম্পানি কমান্ডারদের এক সম্মেলনে তিনি এ নির্দেশ দেন।
শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কিমের এই আহ্বান এমন এক সময়ে এল, যখন আন্তঃকোরীয় সম্পর্কের আরও অবনতি ঘটেছে। চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সীমান্ত পরিস্থিতি স্পষ্ট করতে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়।
এর আগে, ব্যাপক সামরিক নিরাপত্তাবেষ্টিত অসামরিকীকৃত অঞ্চলে (ডিএমজেড) একটি বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যায়।
১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের অবসান ঘটেছিল যুদ্ধবিরতির মাধ্যমে, কোনো শান্তিচুক্তির মধ্য দিয়ে নয়। ফলে দুই কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত সম্মেলনের লক্ষ্য ছিল ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রশিক্ষণ পরিকল্পনা’ তৈরি করা।
বিজ্ঞাপন
Shwapno Super Shop
কিম আরও বলেন, উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রতিটি কোম্পানিকে সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে শক্তিশালী ও দক্ষ এলিট ইউনিটে পরিণত করতে হবে এবং সেগুলোকে পূর্ণাঙ্গ যুদ্ধক্ষমতাসম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।
কেসিএনএ জানায়, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ক্ষমতাসীন দলের কংগ্রেসের পর এটিই ছিল পুরো সেনাবাহিনীর প্রতিনিধিদের নিয়ে প্রথম এ ধরনের সমাবেশ।
ওই কংগ্রেসে কিম প্রচলিত সামরিক শক্তি আরও বাড়ানোর আহ্বান জানান এবং পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের পরিকল্পনা পুনর্ব্যক্ত করেন।
উত্তর কোরিয়া সম্প্রতি একের পর এক নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে রয়েছে ‘নতুন ধরনের’ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম টর্পেডো ব্যবস্থা এবং মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। দেশটির দাবি, উভয় অস্ত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
জাতিসংঘের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া আইনগতভাবে নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
No Comment Yet