শ্রমিক প্রতিনিধিদের নাম পেলে দু’দিনে মধ্যে মজুরি বোর্ডের গেজেট : শ্রমমন্ত্রী
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ সময়: ১৬:৩৩:২০
ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ (বাসস): গামেন্টস শিল্প সেক্টরের শ্রমিক প্রতিনিধিদের নাম পাওয়ার পর দুই দিনের মধ্যে মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম অসন্তোষ ও মজুরি বোর্ড বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠনের বিষয়ে সরকার ও মালিকপক্ষের প্রতিনিধিদের নাম পাওয়া গেছে। এখন শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নামের অপেক্ষায় রয়েছে সরকার। শ্রমিক নেতৃবৃন্দকে আগামী এক সপ্তাহের মধ্যে আলোচনা করে তাদের প্রতিনিধি মনোনীত করার আহ্বান জানান তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিক প্রতিনিধিদের নাম পাওয়ার পর সরকারি ছুটি না থাকলে পরবর্তী দুই দিনের মধ্যে গেজেট প্রকাশ করা হবে।
শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের বিষয়ে মালিকপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেসব কারখানায় শ্রমিকদের মজুরি বকেয়া রয়েছে, সেসব কারখানার মালিকদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মজুরি পরিশোধের উদ্যোগ নেওয়া হবে।
শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক, মালিক ও সরকারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কোনো কারখানায় সমস্যা হলে তা সংশ্লিষ্ট কারখানার মধ্যেই সমাধানের চেষ্টা করতে হবে। এ ক্ষেত্রে শ্রমিক সংগঠন, মালিকপক্ষের সংগঠন ও সরকার সহযোগিতা করবে।
বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card
তিনি শ্রমিকদের রাস্তায় নেমে যান চলাচল বন্ধ না করার আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিক ও মালিকপক্ষের বাইরের কেউ যেন অযথা ইস্যু তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, শ্রমিক ও মালিক উভয়ের স্বার্থ রক্ষা এবং শিল্পকারখানা সচল রাখার মাধ্যমে দেশের উন্নয়ন এগিয়ে নিতে হবে। শ্রমিকদের কল্যাণে প্রয়োজনে দিনরাত কাজ করতে সরকার প্রস্তুত রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, ত্রিপক্ষীয় বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের পর শ্রম অসন্তোষ নিরসনে সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
No Comment Yet