ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়াজনিত বায়ুদূষণে সেপ্টেম্বরে ৩,৫৬০ জনের প্রাণহানি
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ সময়: ১৬:১৯:০৪
ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ (বাসস) : ইন্দোনেশিয়াজুড়ে কয়েক মাস ধরে চলা দাবানল থেকে নির্গত ধোঁয়ায় সৃষ্ট বায়ুদূষণে গত সেপ্টেম্বর মাসেই আনুমানিক ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
হেলসিংকিভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে দেশটির প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষ অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক মাত্রার দূষিত বাতাসে শ্বাস নিতে বাধ্য হয়েছেন।
সিআরইএ’র এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় বন ও ভূমিতে লাগা আগুনের কারণে বায়ুর মানের আরও অবনতি ঘটে। এতে দূষণজনিত আনুমানিক মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৫৬০ জনে, যা আগস্ট মাসের হিসাবের দ্বিগুণ।
গবেষণায় বায়ুদূষণের অতিক্ষুদ্র কণা পিএম ২.৫-এর স্বল্পমেয়াদি সংস্পর্শে আসার কারণে মৃত্যুর হিসাব করা হয়েছে। অর্থাৎ, দূষিত বাতাসে শ্বাস নেওয়ার কয়েক দিনের মধ্যেই যেসব মৃত্যু ঘটে, সেগুলো এ হিসাবের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
Shwapno Super Shop
গবেষণায় দেখা গেছে, এসব মৃত্যুর বেশির ভাগই ঘটেছে ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের অংশ, জাভা ও সুমাত্রা দ্বীপ এবং দেশটির পূর্বাঞ্চলে।
গবেষকেরা দাবানলের ধোঁয়া ছাড়াও নগর ও শিল্পকারখানা থেকে নির্গত দূষণের প্রভাব পর্যালোচনা করেছেন। এতে দেখা গেছে, শুধু নগর ও শিল্পদূষণের কারণেই সেপ্টেম্বরে আরও ১ হাজার ৭৫০ জনের মৃত্যু হয়েছে।
No Comment Yet