আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু দুই মাসের মধ্যে: বিজন কান্তি সরকার

চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ৮০০ একর জমির ওপর চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার।

বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তিনি অর্থনৈতিক অঞ্চলে দায়িত্ব পালনরত দেশি-বিদেশি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

বিজন কান্তি সরকার বলেন, প্রায় ৮০০ একর জমির ওপর চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তোলা হচ্ছে। প্রকল্পের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। আগামী দুই মাসের মধ্যে কাজ শুরু করার বিষয়ে তাঁরা আশ্বাস দিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ১৮ মাসের মধ্যে প্রকল্পের প্রাথমিক কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রকল্পে অর্থায়নের বিষয়ে চীনের এক্সিম ব্যাংক ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া গ্যাস, পানি ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে এসব প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

Anjara World Shop

পরিদর্শনকালে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নূর জাহান খানম, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিজন কান্তি সরকার আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) পরিদর্শন করেন।

0%
0%
No Comment Yet