ফুলপুরে জাতীয় যুব দিবস পালিত

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

আজ রোববার (১নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উদ্‌যাপন করা হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সাধনা ত্রিপুরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মাজহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ বলেন, যুবসমাজ দেশের মূল চালিকাশক্তি। বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবকদের মেধা, শ্রম ও দক্ষতাকে কাজে লাগাতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা ও আত্মকর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক বেকার যুবকের জন্য শুধু সরকারি চাকরির ব্যবস্থা করা সম্ভব নয়। তাই যুবকদের আত্মকর্মসংস্থানের দিকে মনোযোগী হতে হবে। অতীতে বিদেশে অর্থ পাচার না করে দেশে শিল্পকারখানা গড়ে তোলা হলে যুবকদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো।

বিজ্ঞাপন

Anjara World Shop

সরকারি চাকরিতে দুর্নীতি ও ঘুষের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমানে সরকারি চাকরি যেন সোনার হরিণ। একটি পিয়নের চাকরি পেতেও অনেককে লাখ লাখ টাকা ঘুষ দিতে হয় বলে অভিযোগ রয়েছে। ১০ থেকে ১৫ লাখ টাকা দিয়ে চাকরি নেওয়ার পরিবর্তে ওই অর্থ দিয়ে নিজেই কর্মসংস্থান সৃষ্টি করা অধিকতর ভালো। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কাজে লাগিয়ে যুবকেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারবেন। এ সময় তিনি যুবসমাজের উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি হাদিসের আলোকে যুবসমাজের দায়িত্ব ও কর্তব্য নিয়েও আলোচনা করেন।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

0%
0%
No Comment Yet