ইসলামপুরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, তিন দিনের দুর্ভোগ

জামালপুরের ইসলামপুর উপজেলায় টানা তিন দিনের তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে দিনের বড় একটি সময় সূর্যের দেখা মিলছে না, ফলে শীতের প্রকোপ আরও বেড়েছে।
প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বয়স্করা। শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. এম. এ. আবু তাহের জানান, বর্তমানে চর্মরোগ, ডায়রিয়া ও ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, শীতজনিত রোগে আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

শীত থেকে রক্ষা পেতে অনেক মানুষকে খড়কুটো ও কাঠ জ্বালিয়ে রাস্তার পাশে কিংবা খোলা স্থানে আগুন পোহাতে দেখা গেছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীরা চরম দুর্ভোগে পড়েছেন। তীব্র শীতের কারণে অনেকেই কাজের সন্ধানে ঘর থেকে বের হতে পারছেন না, ফলে তাদের আয়-রোজগার কার্যত বন্ধ হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের জন্য দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, দ্রুত শীতবস্ত্র ও সহায়তা না পৌঁছালে নিম্নআয়ের মানুষের কষ্ট আরও বেড়ে যাবে।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet