এবার সাবিনাদের সাফ ফুটসাল মিশন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬ সময়: ০৯:১৯:৩১
প্রথমবার মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে ১৩ থেকে ২৫ জানুয়ারি। এই টুর্নামেন্টে বাংলাদেশ ইতিবাচক ফল করতে চাইছে। আজ ঢাকা ছাড়ার আগে বৃহস্পতিবার ফেডারেশন (বাফুফে) ভবনে সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক সাবিনা খাতুন থাইল্যান্ডের ব্যাঙ্ককে ভালো ফল করার দিকে দৃষ্টি দিয়েছেন। মেয়েদের এই আসরেও সাতটি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়া অংশ নিতে যাওয়া ৬টি দেশ হলো-ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এরপর ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং সবশেষ মালদ্বীপের বিপক্ষে খেলবে সাবিনারা। ১৩ জানুয়ারি নারী ও ১৪ জানুয়ারি পুরুষ সাফ ফুটসাল থাইল্যান্ডে শুরু হবে। বাংলাদেশ নারী ও পুরুষ দল আগামীকালই দেশ ছাড়বে। পুরুষ দলের অধিনায়ক কানাডা প্রবাসী রাহবার খান। উন্নত অনুশীলনের জন্য বাড়তি অর্থ ব্যয় করে দশ দিন আগে দুটি দল পাঠাচ্ছে বাফুফে।
সাবিনা খাতুন বলেন,‘ফুটসালের প্রতি আমার আলাদা একটা সফটনেস আছে। বাংলাদেশের প্রথম কোনো নারী ফুটবলার বিদেশের মাটিতে খেলেছিল, সেটা হচ্ছি আমি এবং তখন ফুটসাল খেলতেই গিয়েছিলাম। সাফে দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারি, নেক্সট জেনারেশন যারা আসবে তাদের জন্য একটু সহজ হবে।’ ব্যাঙ্ককে আগে গিয়ে প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। সাফ ফুটসালে ফল নিয়ে সাবিনার পরিষ্কার বার্তা,‘আসলে কোনো টিমের সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তবে মালদ্বীপকে যদি দেখেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে ওরা বেশ অভিজ্ঞ এবং ওখানকার মেয়েরা মূলত ফুটসালই খেলে।
আমাদের চেয়ে মালদ্বীপ এগিয়ে থাকবে এবং ইন্ডিয়া বেশ কিছু কোয়ালিফায়ার্স খেলছে ফুটসালে, তারা অবশ্যই সবসময় শক্তিশালী হয় এবং ওদের পরিকল্পনা সবসময় আগের থেকেই থাকে। বাকি টিমগুলো যারা আছে তারা আমাদের মতোই নতুন। তবে এক মাসের একটু বেশি সময় অনুশীলন করেছি। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা ভালো কিছু করবো।’
নারী দলের অধিনায়কের মতো অত দৃঢ় না হলেও পুরুষ দলের সহ-অধিনায়ক মোঃ তুহিন বলেন,‘আমরা দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। ভালো ফলাফল নিয়েই ফিরতে চাই।’ কানাডা প্রবাসী অধিনায়ক রাহবার আগাীকাল দলের সঙ্গে যোগ দেবেন। এ নিয়ে ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বলেন, ‘সে কানাডায় জব করে। দেশের জন্য সে বিনা বেতনে ছুটিতে আসছে। ঢাকায় ক্যাম্পে না থাকতে পারলেও থাইল্যান্ডে শুরু থেকে টুর্নামেন্ট পর্যন্ত থাকবে। এতদিন সে কানাডায় কাজ থেকে ছুটি নেওয়ায় বেতন পাবেন না। এটা দেশের জন্য ত্যাগ।’
বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025
No Comment Yet