সুফিয়ানের জায়গায় পাকিস্তান দলে সাদাকাত

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ (বাসস) : শ্রীলংকা-ইংল্যান্ডকে নিয়ে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলে আরও একটি পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাঁ-হাতি স্পিনার সুফিয়ান মুকিমকে সরিয়ে বাঁ-হাতি ব্যাটার মাজ সাদাকাতকে অন্তর্ভুক্ত করেছে পিসিবি।

সাইম আইয়ুব নিজ থেকে সরে যাওয়ায় দলে সুযোগ পান সাহিবজাদা ফারহান।

ত্রিদেশীয় সিরিজের প্রথম পর্বের ম্যাচ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হয়েছে। ফিরতি পর্ব ও ফাইনাল লাহোরে অনুষ্ঠিত হবে। তাই লাহোরের উইকেটের চরিত্র ও পরিস্থিতি বিবেচনায় সুফিয়ানকে ছেড়ে দিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। দল থেকে বাদ পড়ে এখন ঘরোয়া ক্রিকেটে খেলবেন সুফিয়ান।

ত্রিদেশীয় সিরিজে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি সুফিয়ান। তার আগে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১টি ম্যাচ খেলেছেন তিনি। ৪ ওভারে ৩৫ রান দিয়ে কোন উইকেট পাননি এই স্পিনার। দেশের জার্সিতে ৪ ওয়ানডেতে ৮ উইকেট এবং ২২ টি-টোয়েন্টিতে ৩০ উইকেট শিকার করেছেন তিনি।

সুফিয়ানের জায়গায় দলে সুযোগ পেয়েছেন চলতি বছরের মার্চে বাংলাদেশ সফরে ওয়ানডে অভিষেক হওয়া সাদাকাত। এখন পর্যন্ত ৬ ওয়ানডেতে ১৩৪ রান ও ৩ উইকেট শিকার করেছেন তিনি। গত জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সর্বশেষ ওয়ানডে খেলেছেন সাদাকাত।

পাকিস্তানের জার্সিতে ৫টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাও আছে সাদাকাতের। ২ হাফ-সেঞ্চুরিতে ১৮৪ রান করেছেন তিনি।

লিগ পর্বে তিন ম্যাচের সবগুলো জিতে ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। আগামী ৩১ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।

0%
0%
No Comment Yet