১০ গুণ শব্দগতির ক্ষেপণাস্ত্র! রাশিয়ার হামলায় নতুন সংকটে কিয়েভ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ সময়: ০৫:১৪:২৫
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে কথিত ‘ইউক্রেনীয় ড্রোন হামলার’ জবাবে হাইপারসনিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে স্থানীয় সময় কাস্পিয়ান সাগরের নিকটবর্তী কাপুস্তিন ইয়ার পরীক্ষাকেন্দ্র থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বলে রাশিয়ার বিমান বাহিনী নিশ্চিত করেছে।
রাশিয়ার দাবি অনুযায়ী, শব্দের গতির দশ গুণেরও বেশি গতিতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা প্রায় অসম্ভব। এটি ছয়টি ওয়ারহেড বহনে সক্ষম এবং পারমাণবিক অস্ত্র বহন করার ক্ষমতাও রয়েছে। কোনো ধরনের বাধা ছাড়াই প্রায় তিন হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে ক্ষেপণাস্ত্রটি। মস্কোর দাবি, বিশ্বের অন্য কোনো দেশের কাছে এমন ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র নেই। একই সঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতাও রয়েছে এতে।
সর্বশেষ এই হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রায় অর্ধেক আবাসিক ভবনে তাপ সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ক্রেমলিন জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এটি দ্বিতীয়বারের মতো ইউক্রেনে ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো।
রাশিয়া আনুষ্ঠানিকভাবে দাবি করেছে, তারা ইউক্রেনের লভিভ অঞ্চল লক্ষ্য করে এই মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
বিজ্ঞাপন
Shwapno Super Shop
এদিকে নিরাপত্তা পরিষদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে ইউক্রেন অভিযোগ করেছে, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাস চালিয়ে রাশিয়া যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের এক ভয়াবহ নতুন পর্যায়ে পৌঁছেছে।
এই হামলার প্রেক্ষিতে ইউক্রেন পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তাপ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো রাজধানীর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসবে বলে জানানো হয়েছে।
No Comment Yet