শীতের শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে জানতে হবে এই ৪ ভিটামিনের কথা

শীত মৌসুমে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া, খসখসে ভাব ও চুলকানি—এই সমস্যাগুলো অনেকের জন্যই সাধারণ। বিশেষজ্ঞদের মতে, এসব সমস্যা শুধু ঠান্ডা আবহাওয়ার প্রভাবেই নয়, বরং শরীরে কিছু প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতির কারণেও দেখা দিতে পারে। বিশেষ করে চার ধরনের ভিটামিনের অভাব শীতকালে ত্বকের শুষ্কতা ও চুলকানি বাড়িয়ে তোলে।

ভিটামিন এ-এর ঘাটতি হলে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে। অনেক সময় ত্বকে মাছের আঁশের মতো দাগও দেখা যেতে পারে। ত্বকের কোষ পুনর্গঠন ও নতুন কোষ তৈরিতে এই ভিটামিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। গাজর, পালং শাক, মিষ্টি আলু, আম, পেঁপে, ডিম, মাছ ও দুধজাত খাবার ভিটামিন এ-এর ভালো উৎস।

ভিটামিন সি ত্বকে কোলাজেন উৎপাদনে সহায়তা করে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এই ভিটামিনের অভাবে ত্বক দ্রুত পানিশূন্য হয়ে পড়ে, ফলে শুষ্কতা বাড়ে। কমলা, লেবু, মাল্টা, স্ট্রবেরি ও ব্রকলিতে ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়।

শীতকালে সূর্যালোক কম থাকায় ভিটামিন ডি-এর ঘাটতি তুলনামূলকভাবে বেশি দেখা যায়। এর অভাবে ত্বক শুষ্ক হওয়ার পাশাপাশি ব্রণ ও সূক্ষ্ম রেখার সমস্যাও বাড়তে পারে। সূর্যের আলো ছাড়াও ডিমের কুসুম, চর্বিযুক্ত মাছ, মাশরুম ও সয়া দুধ ভিটামিন ডি-এর উৎস।

বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card

Dutch-Bangla bank New account opening free visa debit card

ভিটামিন ই ত্বককে আর্দ্র ও মসৃণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ভিটামিনের অভাবে ত্বকে ফাটল ধরতে পারে এবং অতিরিক্ত শুষ্কতা দেখা দেয়। বাদাম, সূর্যমুখীর বীজ, চিনাবাদাম ও বিভিন্ন ভেজিটেবল অয়েলে ভিটামিন ই পাওয়া যায়।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, শীতকালে ত্বকের যত্নে কেবল বাহ্যিক ময়েশ্চারাইজার নয়, বরং সুষম খাদ্যাভ্যাসও অত্যন্ত জরুরি। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিনের ঘাটতি পূরণ করলে শীতজনিত ত্বকের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

0%
0%
No Comment Yet