নির্বাচনকে সামনে রেখে সাটুরিয়ায় থানা পুলিশের জোরদার নিরাপত্তা তল্লাশি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাটুরিয়া থানা পুলিশের পক্ষ থেকে জোরদার নিরাপত্তা তল্লাশি ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, হাটবাজার, জনবহুল এলাকা, বাসস্ট্যান্ড, ও সংবেদনশীল পয়েন্টগুলোতে থানা পুলিশের চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম চালানো হয়। এ সময় মোটরসাইকেল, প্রাইভেটকার ও গণপরিবহনে তল্লাশি করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

সাটুরিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংসতা, অবৈধ অস্ত্র পরিবহন, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়—সে লক্ষ্যে পুলিশের এই তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি রাতের বেলায় টহল জোরদার করা হয়েছে এবং সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সাটুরিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে চলাচল করতে পারেন, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। এ ছাড়াও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

Anjara World Shop

এদিকে পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের সময় বিভিন্ন গুজব ও অপরাধমূলক তৎপরতার আশঙ্কা থাকে। পুলিশি তল্লাশি ও উপস্থিতি থাকায় তারা নিজেদের নিরাপদ বোধ করছেন।

0%
0%
No Comment Yet