খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আগারগাঁওয়ে দোয়া মাহফিল

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁওয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি এবং আগারগাঁও বাজার ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ।

আগারগাঁও বাজার প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, দেশনেত্রীর আদর্শকে বুকে ধারণ করেই দেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বেগম জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইউসুফ ও শাহ আলম। এছাড়া তসলিমা চৌধুরী রীতা, মিজানুর রহমান স্বপন এবং ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতিসহ শেরেবাংলা নগর থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় যোগ দেন। ব্যবসায়ী প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে মাহফিলটি এক শোকাতুর পরিবেশে রূপ নেয়।

দোয়া মাহফিলের শেষ পর্যায়ে মরহুমার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্রের লড়াইয়ে শামিল হওয়ার শপথ ব্যক্ত করেন। ব্যবসায়ী নেতারাও বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রাজনৈতিক দূরদর্শিতার স্মৃতিচারণ করেন।

0%
0%
No Comment Yet