আমি নেতা হতে চাই না, আপনাদের সেবক হতে চাই: সেলিমুজ্জামান সেলিম
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ সময়: ১১:৫২:২১
গোপালগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা সেলিমুজ্জামান সেলিম বলেছেন, "দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। তার রাজনৈতিক জীবন এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।"
শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মুকসুদপুর পৌর বিএনপির ১নং ওয়ার্ড ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "আমি নেতা হতে চাই না, আপনাদের সেবক হতে চাই। দেশনেত্রীর আদর্শকে ধারণ করে বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে। তার আত্মত্যাগ ও নেতৃত্ব নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।"
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওলিয়ার রহমান মুন্সীর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী ও সাহিদুজ্জামান ঝিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সহসভাপতি মুন্নু মুন্সী ও রবিউল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান মুন্সী, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ওই অনুষ্ঠানে আওয়ামীলীগ থেকে পদত্যাগী লখাইরচর ও প্রভাকরদী গ্রামের শতাধিক নেতাকর্মী সেলিমুজ্জামান সেলিমের হাতে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন।
তারপরে নেতাকর্মিদের নিয়ে সেলিমুজ্জামান সেলিম, পীরে কামেল শাহ সুফি হযরত লেহাজউদ্দীন আহম্মেদ (রহঃ) পীর সাহেবের মাজার জিয়ারত করেন।
No Comment Yet