বরিশালের আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার রুল

বরিশালে আদালতের এজলাস কক্ষে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারকৃত জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) আদালত এই রুল জারি করেন। বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম চলার সময় এজলাসে হট্টগোল করেন একদল আইনজীবী। 

এ সময় তাঁরা এজলাসের সামনে থাকা আসবাব ভাঙচুর করেন এবং নথিপত্র ছুড়ে ফেলেন।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. আবুল কালাম আজাদ জানান, আওয়ামী লীগ নেতাদের জামিন মঞ্জুরের প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বর্জনের ঘোষণা দেয়।

আবুল কালাম আজাদ আরও জানান, আদালত বর্জনের ঘোষণার মধ্যেই এজলাসের কার্যক্রম শুরু করতে চাইলে আইনজীবীরা তা বন্ধ রাখতে বলেন। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা কার্যক্রম স্থগিত করে চলে যান।

বিজ্ঞাপন

Anjara World Shop

আদালত কক্ষে ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বুধবার আইনজীবী নেতা সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ঘটনার প্রতিবাদে ও গ্রেপ্তারকৃত আইনজীবী নেতার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবী সমিতির সদস্যরা।

ঘটনার পর পরই আদালত পাড়ায় বিপুল সংখ্যক সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

0%
0%
No Comment Yet