কানাডার কোচ হলেন দেসাই
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ০৪ মে ২০২৬ সময়: ১১:০৮:৫৩
ঢাকা, ৩ মে, ২০২৬ (বাসস) : কানাডা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হলেন ভারতীয় মন্টি দেসাই।
এর আগে আফগানিস্তান ও নেপালের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন দেসাই। এছাড়াও ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন দলের কোচ হিসেবে ২০ বছরের অভিজ্ঞতা আছে ৫১ বছর বয়সী দেসাইয়ের।
নেপালের দায়িত্বে থাকাকালে কোচিং ক্যারিয়ারের বড় সাফল্য পেয়েছেন তিনি। তার অধীনে ওয়ানডে মর্যাদা ফিরে পায় নেপাল। পাশাপাশি আইসিসির একাধিক আসরে খেলার যোগ্যতা অর্জন করে নেপাল।
বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking
কানাডার কোচের দায়িত্ব পেয়ে উচ্ছসিত ভারতের ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করা দেসাই। তিনি বলেন, ‘এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিতবোধ করছি। আমার ওপর আস্থা রাখার জন্য ক্রিকেট কানাডাকে ধন্যবাদ। কানাডায় কাজের আগের অভিজ্ঞতা এবং ক্রিকেটের প্রতি মানুষের আবেগ সম্পর্কে পরিষ্কার ধারণা আছে আমার। বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটের প্রসারে সহযোগী দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নেপাল ও আফগানিস্তানের মতো দলগুলো দেখিয়ে দিয়েছে আত্মবিশ্বাস-শৃঙ্খলা এবং নির্ভীক মানসিকতা থাকলে কি-কি অর্জন সম্ভব।’
তিনি আরও বলেন, ‘কানাডারও ভালো সুযোগ আছে। আমার লক্ষ্য হবে এমন একটি সংস্কৃতি গড়ে তোলা, যাতে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফরমেন্স করা যায়।’
No Comment Yet