ফ্যাসিবাদী সরকার আমদানি করা জ্বালানি ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

দিনাজপুর, ১২ মে, ২০২৬ (বাসস) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশীয় সম্পদ অবহেলা করে বিদেশ থেকে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা বাড়িয়েছিল।

আজ জেলার বড়পুকুরিয়া কয়লা খনি বোর্ড অফিসে আয়োজিত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বৈঠকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, বড়পুকুরিয়া কয়লা খনি ও মধ্যপাড়া কঠিন শিলা খনি কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজানুল হকসহ জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ বৈঠকে অংশ নেন।

বৈঠকে তারা পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি ও বিদ্যুৎ কেন্দ্রের বর্তমান উৎপাদন পরিস্থিতি ও বিভিন্ন কারিগরি সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে থাকা দুটি বিদ্যুৎ কেন্দ্র সচল এবং খনি থেকে উত্তোলন করা কয়লার যথাযথ ব্যবহারে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

Anjara World Shop

পরে মন্ত্রী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কয়লা খনি এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখেন।

এছাড়াও ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও অনিন্দ্য ইসলাম অমিত জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন করেন।

সেখানে খনি থেকে উত্তোলন করা পাথরের বিশাল মজুত স্থান পরিদর্শন করেন তারা।

পরে তারা মধ্যপাড়া কঠিন শিলা খনির বিদ্যমান পরিস্থিতি এবং উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে খনি কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা করেন।

0%
0%
No Comment Yet