বাংলাদেশে এআই বিজনেস সামিট আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

আগামী ৫ নভেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আয়োজনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা ও কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে রবিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন সভায় সভাপতিত্ব করেন। সভায় সামিট আয়োজনের লক্ষ্যে গঠিত বিভিন্ন উপকমিটির আহ্বায়ক ও সদস্য-সচিবগণ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কর্মকর্তাগণ ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সামিটের আয়োজন, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, প্রদর্শনী, আলোচনা পর্ব এবং সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভায় সামিটের প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence-AI) প্রযুক্তির বিকাশ, ব্যবসা-বাণিজ্যে এর প্রয়োগ, উদ্ভাবনী উদ্যোগের প্রসার এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সামিটের মাধ্যমে দেশের এআইভিত্তিক উদ্ভাবন ও উদ্যোক্তাদের সক্ষমতা তুলে ধরা এবং প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয় সামিটে শতাধিক এআই-ভিত্তিক স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগের অংশগ্রহণে প্রদর্শনী স্টল থাকবে। এসব প্রদর্শনীতে উদ্যোক্তাদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি, পণ্য, সেবা ও বাস্তবমুখী সমাধান সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। এর মাধ্যমে এআই প্রযুক্তির বহুমুখী ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, উদ্যোক্তাদের উদ্ভাবন প্রদর্শনের সুযোগ সৃষ্টি এবং সম্ভাব্য বিনিয়োগকারী ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে।

সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান অগ্রগতি, ব্যবসায়িক প্রয়োগ, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ আলোচনা অধিবেশন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

Anjara World Shop

আলোচনা অধিবেশনগুলোতে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তা, ব্যবসায়ী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিগণ আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণের কথা রয়েছে। এসব আলোচনার মাধ্যমে এআই প্রযুক্তির কার্যকর ব্যবহার, দেশীয় উদ্ভাবনের বাণিজ্যিকীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

সভায় সামিটের সফল আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব উপকমিটি ও অংশীজনকে নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে আয়োজনের বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয়, অংশগ্রহণকারীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং প্রদর্শনী ও আলোচনা অধিবেশনগুলো কার্যকরভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ দেশের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

0%
0%
No Comment Yet