কালশী বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আনসার-ভিডিপির খাবার বিতরণ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ৩০ মে ২০২৬ সময়: ২২:২৯:২৮
ঢাকা, ৩০ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর কালশী বস্তিতে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।
আজ শনিবার বাউনিয়াবাদ কালশী বস্তি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১ হাজার ২৫০ জন অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
গত ২৫ মে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে কালশী বস্তির বহু ঘরবাড়ি পুড়ে যায়। এতে শত শত পরিবার তাদের সহায়-সম্বল হারিয়ে চরম মানবিক সংকটে পড়ে। অনেক পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকটে দিন কাটাচ্ছে। ঈদুল আজহার আনন্দঘন পরিবেশের মধ্যেও এসব ক্ষতিগ্রস্ত মানুষের মৌলিক চাহিদার সংকট নিরসনে আনসার-ভিডিপির এই মানবিক উদ্যোগ তাদের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।
খাবার বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এ স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে ৪১ জন অঙ্গীভূত আনসার সদস্য এবং ৩৫ জন টিডিপি সদস্য-সদস্যা দায়িত্ব পালন করেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানবিক সহায়তা, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাহিনীটি ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে মানবকল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
No Comment Yet