চাঁদপুরে বাসচাপায় হাসপাতাল কর্মীর মৃত্যু
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ৩১ মে ২০২৬ সময়: ১৬:০৪:০৪
চাঁদপুর, ৩১ মে, ২০২৬ (বাসস) : জেলার হাজীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় বিল্লাল হোসেন (৪৮) নামে হাসপাতালের এক দারোয়ানের মৃত্যু হয়েছে।
আজ সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ টোরাগড় মনির ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন পার্শ্ববর্তী শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের ভূঁইয়া বাড়ির সাহেব আলী ভুঁইয়ার পুত্র। তিনি হাজীগঞ্জ বাজারের ডক্টরস্ সিটি স্ক্যান হাসপাতালের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় লোকজন সিসিটিভি ফুটেজ দেখে জানান, সকালে কুমিল্লা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিলো আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস। ঠিক তার পেছনে ছিলো বোগদাদ পরিবহনের আরেকটি বাস। বোগদাদ বাসটি আইদি বাসটি অতিক্রম করার চেষ্টা করছিল। কিন্তু আইদি পরিবহনের বাসটি বোগদাদকে অতিক্রম করার সুযোগ না দিলে বোগদাদ বাসটি রং সাইডে প্রবেশ করে। এ সময় সড়কের পাশে থাকা দারোয়ান বিল্লাল হোসেনকে চাপা দেয় বোগদাদ। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
সেন্টু নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, দুইটি বাসের প্রতিযোগিতার কারণে অসহায় ও দরিদ্র লোকটির মৃত্যু হয়েছে। এটি তারা ইচ্ছাকৃতভাবে করেছে। ঘটনার পরেই বাস দুটি রেখে চালক ও সুপারভাইজার পালিয়ে গেছে।
নিহত বিল্লাল হোসেনের চাচা আবদুল মান্নান ভুঁইয়া বলেন, নিহত বিল্লালের তিন সন্তান রয়েছে। বাড়ি থেকে প্রতিদিন হাসপাতালে এসে কাজ করতেন তিনি।
No Comment Yet