জার্মানির নতুন কোচ ক্লপ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ সময়: ২৩:০২:২১
ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : জাতীয় দলের নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে নিয়োগ দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। ডিএফবির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
সদ্য শেষ হওয়া ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরে ব্যর্থতার পদত্যাগ করেন কোচ জুলিয়ান নাগেলসম্যান। তার স্থলাভিষিক্ত হলেন ক্লপ। সফল কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম জাতীয় দলের কোচের দায়িত্ব পেলেন এই জার্মান।
ডিএফবি জানিয়েছে, চুক্তি অনুযায়ী ২০৩০ সালে স্পেন-মরক্কো ও পর্তুগালে আয়োজিত বিশ্বকাপ পর্যন্ত জার্মানের কোচ হিসেবে থাকবেন ৫৯ বছর বয়সি ক্লপ। আগামী ১৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে ক্লপের কোচের মেয়াদ কার্যকর হবে।
ফ্রাঙ্কফুর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ ডিএফবি সভাপতি বার্ন্ড নুয়েনডর্ফ বলেন, ‘আমরা আজ নতুন কোচ হিসেবে জার্গেন ক্লপকে নিশ্চিত করতে পেরে অত্যন্ত আনন্দিত।’
জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বসিত ক্লপ নিজেও। ডিএফবি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, ‘আজ এখানে বসে থাকাটা আমার জন্য এক বিরাট সম্মান।
আদর্শগতভাবে এটি আমার ক্যারিয়ার, আমার জীবন, আমার পেশাগত জীবনের সর্বোচ্চ শিখর। আমি আমার সর্বস্ব উজাড় করে দেব।’
তিনি আরও বলেন, ‘জাতীয় দল যেভাবে আমাদেরকে জার্মান হিসেবে ঐক্যবদ্ধ করতে পারে, অন্য কোনো কিছু সেভাবে পারে না। এজন্যই আমার কাছে এই দায়িত্বটি বিশেষ কিছু। জার্মান ফুটবলে কোচের দায়িত্ব নিতে মুখিয়ে আছি। অত্যন্ত নম্রতা ও ধৈর্যের সঙ্গে পালন করব। এমন একটা দল গড়ে তুলবো যেখানে সবাই একে অপরের জন্য লড়বে এবং দলের ওপর দেশের মানুষ পুরোপুরি বিশ্বাস রাখবে।’
বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking
জার্মানির কোচ হিসেবে ক্লপের প্রথম পরীক্ষা হবে নেশনস লিগ। আগামী ২৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে কোচিং অধ্যায় শুরু করবেন ক্লপ।
নেশনস লিগের পর ২০৩০ সালের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচিত হওয়া ইউরো ২০২৮ বাছাইপর্বে দল নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন ক্লপ।
খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে এক দশকেরও বেশি সময় জার্মান ক্লাব মিঞ্জের হয়ে খেলেছেন ক্লপ। খেলোয়াড়ী জীবন শেষে লিভারপুলের কোচ হিসেবে দীর্ঘ দিন কাজ করেছেন তিনি।
তার অধীনে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ইএফএল কাপ, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের ট্রফি জিতেছে লিভারপুল।
No Comment Yet