বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা শুরু করেছেন কেন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ২৯ আগস্ট ২০২৬ সময়: ১৬:৫২:২৯
ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ (বাসস): জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেন শুক্রবার নিশ্চিত করেছেন, ২০২৭ সালের পরও ক্লাবটিতে থাকার জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা শুরু হয়েছে।
বুন্দেসলিগার নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে স্টুটগার্টকে ঘরের মাঠে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেন জানান, চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা শুরু হয়েছে।
এ সম্পর্কে কেন বলেন, “প্রথম বৈঠক গত সপ্তাহে হয়েছে।”
৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্যালন ডি’অরের অন্যতম ফেবারিট। আগামী আগস্টে তার নিজ শহর লন্ডনে এই পুরস্কার দেওয়া হবে।
কেন জানান, এখনও অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তবে ২০২৩ সালে শৈশবের ক্লাব টটেনহ্যাম ছেড়ে বায়ার্নে যোগ দেওয়া এই ইংলিশ তারকা জার্মান ক্লাবটিতে তার অবস্থান আরও দীর্ঘ করতে আশাবাদী।
“আমার বয়স ৩৩। সম্ভবত এটি আমার শেষ চুক্তি হবে না। তবে আমার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ চুক্তি হতে যাচ্ছে। তাদের নিশ্চিত করতে হবে যে আমি খুশি। একইভাবে তাদেরও নিশ্চিত করতে হবে যে তারাও খুশি... দুই পক্ষের কারও মধ্যে কোনো তাড়াহুড়া নেই।
“আমি নিশ্চিত, আমরা এমন একটি পর্যায়ে পৌঁছাব, যেখানে উভয় পক্ষই সন্তুষ্ট থাকবে।”
বায়ার্ন বারবার জানিয়েছে, তারা কেনের সঙ্গে ক্লাবের চুক্তি বাড়াতে চায়। চলতি মৌসুমের শেষেই তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।
গত মৌসুমে ইংল্যান্ডের অধিনায়ক ৩১টি বুন্দেসলিগা ম্যাচে ৩৬ গোল করেন, যা জার্মান শীর্ষ লিগের এক মৌসুমে তৃতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড। ওই মৌসুমে বায়ার্ন লিগ ও কাপ- দুই শিরোপাই জেতে।
No Comment Yet