প্রশিক্ষণকে কাজে লাগিয়ে ফুলপুরে স্বাবলম্বী হওয়ার পথে আনসার সদস্য মশিউর

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ময়মনসিংহের ফুলপুর পৌরসভার আনসার-ভিডিপি দলনেতা মো. মশিউর রহমান মুন্না। তাঁর উদ্যোগে পয়ারী ইউনিয়নের সাহাপুর গ্রামে গড়ে উঠেছে কাঠবাগান ও পারিবারিক পুষ্টি বাগান।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বাগানটির উদ্বোধন করেন ফুলপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক। মশিউর রহমান মুন্না জানান, আনসার-ভিডিপির বিভিন্ন প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করার লক্ষ্যেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। এর আগেও তিনি লটকন ও বিভিন্ন জাতের কলার বাগান করে সফল হয়েছেন। এবার কাঠ ও পারিবারিক পুষ্টি বাগান তৈরির মাধ্যমে তাঁর উদ্যোগকে আরও সম্প্রসারিত করেছেন।
তিনি বলেন, “প্রশিক্ষণ শুধু প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে কাজে লাগাতে চাই। নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও স্বাবলম্বী হওয়ার পথ দেখানোই আমার লক্ষ্য।”
মশিউরের উদ্যোগ পরিদর্শন করে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। তাঁদের পরামর্শ বাগানটির উৎপাদন ও ব্যবস্থাপনা আরও কার্যকর করতে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দেশব্যাপী পারিবারিক পুষ্টি বাগান ও কাঠবাগান তৈরির কার্যক্রম চলছে। সরকারের ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ নীতি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet