ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল 

খুলনা, ২ অক্টোবর, ২০২৬ (বাসস) : বিএনপি’র কেন্দ্রীয় কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশ কোনো মাফিয়া, ষড়যন্ত্রকারী এবং বিদেশি স্বার্থের পরীক্ষাগার নয়। ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না। অরাজকতা সৃষ্টি করে জনগণের ম্যান্ডেটকে পরাজিত করা যাবে না।

শুক্রবার খুলনা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার বিকেলে খুলনা নতুন রেলস্টেশনের সামনে থেকে জেলা যুবদলের উদ্যোগে মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আজিজুল বারী হেলাল বলেন, দেশের জনগণের ম্যান্ডেটকে কোনো ষড়যন্ত্র, অরাজকতা কিংবা অপচেষ্টার মাধ্যমে পরাজিত করা যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার এ দেশের জনগণের। কোনো মাফিয়া, ষড়যন্ত্রকারী কিংবা বিদেশি স্বার্থ বাংলাদেশের জনগণের আকাক্সক্ষাকে থামাতে পারবে না।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও অধিকারকে সামনে রেখে বিএনপি’র নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় যুবদলের নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন

Anjara World Shop

নবগঠিত খুলনা জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনে আরও গতিশীলতা আসবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে মানুষের পাশে দাঁড়াতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

0%
0%
No Comment Yet