দুই বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজিসির
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ সময়: ০৯:৫১:১৭
ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ (বাসস): আগামী দুই বছরের মধ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা এবং ভর্তি থেকে সনদ সংগ্রহ পর্যন্ত শিক্ষার্থীদের সকল সেবা প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ‘উচ্চশিক্ষা ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর’ শীর্ষক এক পরামর্শক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এসব পরিকল্পনার কথা জানান।
বিশ্ববিদ্যালয়গুলোর তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক এবং ইউজিসি ও হিট প্রকল্পের কর্মকর্তাদের অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউজিসি চেয়ারম্যান বলেন, আগামী দুই বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়কে যথাযথ নেটওয়ার্ক, উচ্চগতির ওয়াই-ফাই ও প্রয়োজনীয় সহায়তাব্যবস্থার আওতায় আনার লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে ডিজিটাল শ্রেণিকক্ষ চালুর পাশাপাশি পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়গুলোকে ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তর করা হবে।
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ভর্তি-প্রক্রিয়া, ফি জমা, হলের আসন বরাদ্দ এবং পড়াশোনা শেষে সনদ সংগ্রহের মতো সব একাডেমিক ও প্রশাসনিক সেবা সম্পূর্ণ অনলাইনে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্ব দেন অধ্যাপক মামুন আহমেদ।
বিজ্ঞাপন
Anjara World Shop
এ ছাড়া শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা বাড়াতে আগামী পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার কথা জানিয়ে তিনি বলেন, এ জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যা বিশ্ববিদ্যালয় এবং শিল্পপ্রতিষ্ঠান বা সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে।
পাশাপাশি, শিক্ষক ও দক্ষ জনবলের ঘাটতি মেটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও শাহজালাল বিজ্ঞাান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকদের অনলাইন ক্লাসের মাধ্যমে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্ত করা এবং বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষকদের মেধা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে সমন্বিত সফটওয়্যার ও অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর জোর দিয়ে ইউজিসি চেয়ারম্যান জানান, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদা সফটওয়্যার তৈরি না করে বিদ্যমান ব্যবস্থাগুলোর সমন্বিত উন্নয়ন করা হবে।
No Comment Yet