ট্রেন ছাড়তে তিন ঘণ্টা দেরি, চট্টগ্রামে বিক্ষোভ, অবরুদ্ধ স্টেশন মাস্টার
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ সময়: ১০:৪৮:৩০
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে না যাওয়ায় বিক্ষোভ করেছেন যাত্রীরা। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভের একপর্যায়ে স্টেশন মাস্টারকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রাখেন তাঁরা। পরে রেলওয়ের কর্মীরা যাত্রীদের বুঝিয়ে শান্ত করেন।
সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস সকাল ৭টা ৫০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর সকাল ১০টা ৫০ মিনিটে ট্রেনটি স্টেশন ছাড়ে। দীর্ঘ সময় অপেক্ষা করেও ট্রেন না ছাড়ায় ক্ষুব্ধ যাত্রীরা বিক্ষোভ শুরু করেন।
এদিন সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আরও কয়েকটি ট্রেনের আসা ও ছেড়ে যাওয়ার ক্ষেত্রেও বিলম্ব ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক বলেন, সিগন্যালিংয়ের সমস্যার কারণে সকাল থেকে কয়েকটি ট্রেন দেরিতে স্টেশনে এসেছে এবং ছেড়ে গেছে। এতে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে পড়েন।
তিনি বলেন, ট্রেনের বিলম্বের কারণে যাঁরা এক গন্তব্যে পৌঁছে সেখান থেকে অন্য ট্রেনে করে পরবর্তী গন্তব্যে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তাঁদের সমস্যায় পড়তে হয়েছে। এ কারণে যাত্রীদের ক্ষোভ প্রকাশ করাকে তিনি স্বাভাবিক বলে উল্লেখ করেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
পাহাড়িকা এক্সপ্রেসের বিলম্ব প্রসঙ্গে স্টেশন ম্যানেজার বলেন, ট্রেনটি দেরিতে স্টেশনে এসেছে। এ ক্ষেত্রে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের কোনো দোষ নেই বলে তাঁর দাবি।
এদিকে বিক্ষোভের সময় স্টেশনের কয়েকটি কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে স্টেশন ম্যানেজার আবু বকর সিদ্দিক এ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, স্টেশনে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।
No Comment Yet