মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ সময়: ১৬:০৮:৫১
ফিলিপাইন বিমান বাহিনীর দুটি এসএফ-২৬০ উড়োজাহাজের মাঝ আকাশে সংঘর্ষ হয়েছে। এতে চারজন পাইলট নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) ফার্নান্দো বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে ফিলিপাইন বিমান বাহিনী জানিয়েছে, শুক্রবার বিকেল ৩টা ৫১ মিনিটে বিমান ঘাঁটির সীমানার ভেতরেই বিমান দুটি বিধ্বস্ত হয়। এছাড়া অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমান বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব এসএফ-২৬০ বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বিমান বাহিনী নিহত চার পাইলটের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। একই সঙ্গে তারা প্রয়াত বৈমানিকদের সেবা ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
ফিলিপাইন বিমান বাহিনী দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি।
তবে ঘটনার সঙ্গে পরিচিত ফিলিপাইনের দুজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, বিমান দুটি আকাশে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে কথা বলার আনুষ্ঠানিক অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান।
একজন প্রত্যক্ষদর্শী এপিকে জানিয়েছেন, দুই আসনবিশিষ্ট বিমানগুলোর একটি বিমান ঘাঁটিতে সামরিক কর্মীদের ব্যারাকের কাছে বিধ্বস্ত হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস
No Comment Yet