নেত্রকোণায় ফেনসিডিলসহ এক ব্যক্তি গ্রেফতার
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ সময়: ১৬:২১:৩৮
নেত্রকোণা, ২৪ অক্টোবর, ২০২৬ (বাসস): জেলা সদরের দিগজান বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও একটি পিকআপ ভ্যানসহ মো. ফারুক মিয়া (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আজ শনিবার দুপুর দেড়টায় বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক।
তিনি জানান, আজ গভীর রাতে পরিচালিত এ অভিযানে ৫শ’ ৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’ (ফেনসিডিল) নামের সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ৫শ’ টাকা।
গ্রেফতারকৃত ফারুক মিয়া জেলার পূর্বধলা উপজেলার ৪ নম্বর জারিয়া ইউনিয়নের নাটেরকোণা গ্রামের জব্বার আলীর ছেলে।
সহকারী পরিচালক মো. নাজমুল হক আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে পৌনে দুইটা পর্যন্ত নেত্রকোণা সদর থানাধীন সিধলী-নেত্রকোণাগামী পাকা রাস্তার দিগজান বাজার এলাকায় একটি রেইডিং টিম নিয়ে অভিযান চালানো হয়। সেখানে ২ নম্বর সাক্ষী সাইদুল ইসলামের চা দোকান সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি সন্দেহভাজন পিকআপে তল্লাশি চালানো হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
এ সময় পিকআপে থাকা ৭টি সিমেন্টের বস্তা ও ২টি সাদা রঙের প্লাস্টিকের বস্তায় মোট ৯টি বস্তা থেকে ৫শ’ ৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’ নামের সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১শ’ এমএল করে মোট ৫৬ লিটার তরল মাদক ছিল।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত সিঙ্গেল কেবিন পিকআপ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক সর্বমোট অবৈধ বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ৫শ’ টাকা উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন।
No Comment Yet