ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হলো আরও এক জোড়া ট্রেন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ সময়: ০৯:২৮:২৮
ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ (বাসস) : ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস-এর রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিত করে এ ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ।
আজ ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে মহানগর এক্সপ্রেসের এই বর্ধিত রুটে যাত্রার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। মহানগর এক্সপ্রেসের এই যাত্রার মাধ্যমে ঢাকা-কক্সবাজার রুটে মোট ট্রেনের সংখ্যা হলো তিন জোড়া।
ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত ৪৬৭.৮৩ কিলোমিটার দীর্ঘ এ পথে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে মোট ১২টি স্টেশনে। ঢাকা ও কক্সবাজার প্রান্তিক স্টেশন ছাড়াও এর মধ্যবর্তী বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রামে এ ট্রেনের যাত্রাবিরতি থাকবে। নতুন এ সার্ভিস চালুর ফলে ট্রেনটির কুমিরা স্টেশনে যাত্রাবিরতি প্রত্যাহার করা হয়েছে।
ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাবে রাত ৮টা ৩০ মিনিটে এবং কক্সবাজার পৌঁছাবে সকাল ৬ টায়। অন্যদিকে কক্সবাজার থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল ৯ টায় এবং ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে।
বিজ্ঞাপন
Anjara World Shop
উভয় ক্ষেত্রে যাত্রার মোট রানিং টাইম ধরা হয়েছে ৯ ঘণ্টা ৩০ মিনিট। ট্রেনটির রেক বেইজ, ওয়াটারিং ও ক্লিনিং হবে কক্সবাজার। প্রতি রোববার থাকবে সাপ্তাহিক বন্ধ। মোট আসন সংখ্যা ৭৩৬ ও ৭০৬টি, পূর্বের নির্ধারিত ভাড়ার হার অনুযায়ী এর ভাড়া প্রযোজ্য হবে।
No Comment Yet