খুলনায় সাবেক এমপিসহ পাঁচ জনের বিরুদ্ধে দুদকের ৫ মামলা

খুলনা, ২৬ অক্টোবর ২০২৬ (বাসস) : খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামান,  কেসিসির সাবেক কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনু ও তার স্বামী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এছাড়া মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক বিধান কুমার ভান্ডার ও তার স্ত্রী ডলি ভান্ডারের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে।

আজ সোমবার বিকেলে দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বাদী হয়ে মামলা তিনটি এবং উপ-সহকারী পরিচালক আশিকুর রহমান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

প্রথম মামলায় সাবেক এমপি মো. রশীদুজ্জামানের বিরুদ্ধে ৭৫ লাখ ৯০ হাজার টাকা জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। 

পৃথক মামলায় আওয়ামী লীগ নেতা শেখ মো. ফারুক আহমেদের বিরুদ্ধে দলীয় পদ ব্যবহার করে এক কোটি ১৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

Anjara World Shop

এছাড়া স্বামীর সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩৬ লাখ ৯১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনপূর্বক নিজ মালিকানায় রাখার কারণে সাবেক কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনুর বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক। 

এই মামলায় স্ত্রীর নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করায় তার স্বামী ফারুক আহমেদকেও আসামি করা হয়েছে।

0%
0%
No Comment Yet