মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে : সংস্কৃতিমন্ত্রী
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ সময়: ১০:১৭:৪৪
গোপালগঞ্জ, ১৩ মে, ২০২৬ (বাসস) : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জ্ঞানভিত্তিক সমাজ গড়ার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বহুগুণ বাড়াতে হবে।
আজ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নে কবি সুকান্ত পাবলিক লাইব্রেরি কাম অডিটোরিয়াম প্রাঙ্গণে ‘কবি সুকান্ত মেলা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরে মন্ত্রী কবি সুকান্ত পাবলিক লাইব্রেরি কাম অডিটোরিয়াম পরিদর্শন করেন।
নিতাই রায় চৌধুরী বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে এবং শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশ এক ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র দুই থেকে তিন মাসের মাথায় সেই ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করেছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম জিলানী, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান ও উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন।
পরে কোটালীপাড়া উদীচী ও শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেলার মূল আকর্ষণ হিসেবে মাঠজুড়ে বসেছে গ্রামীণ মেলা, যেখানে লোকজ খাদ্য ও কুটির শিল্পের বাহারি পসরা সাজানো হয়েছে।
No Comment Yet