আপিল বিভাগে নবনিয়োগপ্রাপ্ত বিচারপতি মো: হাবিবুল গনির শপথ গ্রহণ আগামীকাল
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ২৯ আগস্ট ২০২৬ সময়: ১৬:৫২:৪২
ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬(বাসস): সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিয়োগপ্রাপ্ত বিচারপতি মো: হাবিবুল গনি-কে আগামীকাল রোববার সকালে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলামের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আগামীকাল সকাল সাড়ে ৯টায় আপিল বিভাগের নবনিয়োগপ্রাপ্ত বিচারপতি মো: হাবিবুল গনি-কে শপথ বাক্য পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই শপথ গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে গত বৃহস্পতিবার নিয়োগ দেয়া হয়।
সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে এ পদে নিয়োগ প্রদান করেছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এই প্রজ্ঞাপনে বলা হয়, এ নিয়োগ তার শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে।
বিজ্ঞাপন
Anjara World Shop
বিচারপতি মো. হাবিবুল গনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) এবং আইন বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
পরবর্তীতে তিনি ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে উন্নীত হন এবং ২০১২ সালের ১৫ এপ্রিল একই বিভাগে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ লাভ করেন।
No Comment Yet