মানিকগঞ্জ-২ আসনে খেলাফত মজলিস থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন সালাউদ্দিন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ সময়: ০৩:০৯:১৮
ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের তিনটি ইউনিয়ন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঘড়ি মার্কা) প্রতীকের মনোনীত প্রার্থী মুহাদ্দিস শায়েখ সালাউদ্দিন আহমেদ।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ জেলা নির্বাচন অফিসার নাজিম উদ্দীনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একইদিনে দলের সিদ্ধান্ত অমান্য করে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও মানিকগঞ্জ সদরের তিনটি ইউনিয়ন) আসনে সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রুমান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুননাহারের কাছ থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে মুহাদ্দিস শায়েখ সালাউদ্দিন আহমেদ দৈনিক জনকণ্ঠকে বলেন, "এই আসনের মানুষই আমার শক্তি। আমি রাজনীতি করি সেবা, দায়িত্ব ও আমানতদারিত্বের ভিত্তিতে। জনগণের অধিকার রক্ষা, এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি—এগুলোই আমার প্রধান অঙ্গীকার"।
বিজ্ঞাপন
Anjara World Shop
তিনি আরও বলেন, "ঘড়ি মার্কা শুধু একটি প্রতীক নয়— এটি সৎ নেতৃত্ব, ন্যায়বিচার ও জনসেবার প্রতিশ্রুতি। আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়া আমাকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে"।
No Comment Yet