ফটিকছড়িতে ফানুস উড়িয়ে উৎসবে আনন্দ ভাগাভাগি করলেন সরোয়ার আলমগীর এমপি

বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

রোববার সন্ধ্যায় তিনি পাইন্দং, নানুপুর, জাফতনগর ও আব্দুল্লাহপুরসহ উক্ত দু’ উপজেলার বিভিন্ন এলাকার বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। এ সময় তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও আনন্দ ভাগাভাগি করেন এবং প্রতিটি বিহারে ফানুস উড়িয়ে উৎসবে অংশ নেন।

বিহার পরিদর্শনকালে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা কে কোন ধর্মের মানুষ, তা বিবেচনা না করে মানুষ হিসেবে মানুষকে গণ্য করব। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—আমরা সবাই মিলে বাংলাদেশ। সবাই বাংলাদেশি হিসেবে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তুলব।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ লক্ষ্য অর্জন সম্ভব হবে। সমৃদ্ধ বৃহত্তর ফটিকছড়ি বিনির্মাণে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

Anjara World Shop

এ সময় গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমর্থনের কথা উল্লেখ করে সরোয়ার আলমগীর বলেন, “এ অঞ্চলের বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, মারমা, সাঁওতালসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ আমাকে ভোট দিয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত করেছেন। আপনাদের এ ঋণ আমি কখনো শোধ করতে পারব না। আপনাদের সঙ্গে নিয়ে সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে কাজ করে যাচ্ছি।”

0%
0%
No Comment Yet