প্রধানমন্ত্রীর খুলনা সফরের প্রস্তুতি সংক্রান্ত পর্যালোচনা সভা

খুলনা, ১ নভেম্বর ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ নভেম্বর খুলনা সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতির বিষয়ে জরুরি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকেলে খুলনা নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সভায় কেসিসি’র সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম ও বিদ্যুৎ কুমার দাস সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও গঠিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সড়ক পথে খুলনায় আগমন করবেন বলে ধারণা করা হচ্ছে। এজন্য মহানগরীর প্রবেশ পথের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি উম্মুক্তস্থানে বৃক্ষরোপণ, অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রম নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন করা হয়েছে, এমন এলাকা যেন অপরিচ্ছন্ন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া বিশেষ করে গল্লামারী থেকে ময়লাপোতা এবং সোনাডাঙ্গা বাইপাসের সড়কে সংস্কার প্রয়োজন হলে তা দ্রুত শেষ করতে হবে।

বিজ্ঞাপন

Anjara World Shop

তিনি হাজী মহসিন সড়ক পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করে এ সড়কে ভ্যানের ওপরে সবজি, মাছ ও অন্যান্য সামগ্রী বিক্রেতাদের আগামীকাল সোমবার থেকে মহিলা মাদরাসার সম্মুখ এলাকায় সরে যাওয়ার অনুরোধ জানানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় গল্লামারী থেকে ময়লাপোতা ও রয়্যালের মোড় হয়ে টুটপাড়া কবরখানার মোড় দিয়ে হাজী মহসিন রোড হয়ে সার্কিট হাউস, শিববাড়ি মোড় হয়ে ময়লাপোতা, গল্লামারী থেকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড হয়ে শিববাড়ি মোড়, সার্কিট হাউস থেকে ডাকবাংলা হয়ে নেভিগেট, যশোর রোড থেকে শিববাড়ি মোড়, বৈকালীর গোয়ালখালি মোড় হয়ে খুলনা বিশেষায়িত হাসপাতাল, রূপসা ট্রাফিক মোড় থেকে টুটপাড়া কবরখানা মোড় এবং রূপসা ট্রাফিক মোড় থেকে নতুন বাজারের সামনে দিয়ে সার্কিট হাউস পর্যন্ত সড়কের পরিচ্ছন্নতা নিশ্চিত করাসহ উল্লিখিত রুটসমূহে বিদ্যমান সকল প্রকার অবৈধ ব্যানার, প্যানা ও পোস্টার অপসারণের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাসহ গঠিত বিদ্যমান কমিটির সদস্যদের প্রতি নির্দেশনা দেওয়া হয়।

0%
0%
No Comment Yet