যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ০১ নভেম্বর ২০২৬ সময়: ২২:৩১:৩২
ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ (বাসস) : বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে পাঁচ দিনব্যাপী যৌথ সামুদ্রিক মহড়ায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মাইন প্রতিরোধী জাহাজ ইউএসএস ওয়ারিয়র (এমসিএম-১০) আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়েছে।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (ক্যারাট) বাংলাদেশ ২০২৬’ শীর্ষক যৌথ মহড়াটি আগামী ২ থেকে ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছালে ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার জাহাজটির কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।
মাইন প্রতিরোধী জাহাজ ইউএসএস ওয়ারিয়রের অংশগ্রহণ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামুদ্রিক সহযোগিতার ধারাবাহিকতার অংশ।
মার্কিন দূতাবাস জানায়, ক্যারাট বাংলাদেশ ২০২৬-এর মাধ্যমে এ অঞ্চলের অভিন্ন সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ মোকাবিলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে ওয়াশিংটনের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
ঘনিষ্ঠ সামরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করাও এ মহড়ার অন্যতম উদ্দেশ্য।
দূতাবাস আরও জানায়, যৌথ এ মহড়া বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ককে যুক্তরাষ্ট্রের গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরছে। একই সঙ্গে অভিন্ন সামুদ্রিক নিরাপত্তা লক্ষ্য অর্জনে দুই দেশের সহযোগিতা এগিয়ে নেওয়ার অঙ্গীকারও এতে প্রতিফলিত হয়েছে।
No Comment Yet