রাজবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের এক্সেল ভেঙে নসিমনের সঙ্গে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাকের এক্সেল ভেঙে যাত্রীবাহী নসিমনের সঙ্গে সংঘর্ষে আলমাস আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও আটজন আহত হয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ার সিমেন্ট বোঝাই একটি ট্রাক রাজবাড়ী থেকে পাংশার দিকে যাচ্ছিল। পথে সাইনবোর্ড এলাকায় ট্রাকটির এক্সেল ভেঙে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি নসিমনকে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি।
সংঘর্ষে নসিমনের যাত্রী আলমাস আলী ট্রাকের চাকার নিচে চাপা পড়েন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে সিমেন্ট সরিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত আলমাস আলী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছব্দুল খা পাড়ার বাসিন্দা।

দুর্ঘটনায় আহতরা হলেন—রিয়াদ (১৩), আকলিমা (১৭), লিজা বেগম (৩০), ইয়াসমিন (১১), সিয়াম (১২), কমেলা বেগম (৪৬), আক্কাস (৩৫) ও জামিরুল (৪৫)। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

Anjara World Shop

নসিমন চালক মুকুল জানান, তিনি নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা। নাটোর থেকে নসিমনে করে আলমাস আলীর পরিবারসহ গোয়ালন্দে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, ট্রাকের এক্সেল ভেঙে যাওয়ার ফলে নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

0%
0%
No Comment Yet