এবার পূর্ব জেরুজালেমে ৩ হাজার বাড়ি বানাচ্ছে ইসরাইল
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬ সময়: ১১:৫৬:০৪
ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ৩ হাজার ৪০১টি নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে ইসরাইল। এই নির্মাণ কাজের জন্য ইতোমধ্যে টেন্ডারও আহ্বান করেছে ইসরাইলের সরকার। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের খিরবেত সেলম এলাকায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুই সদস্যকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। বৃহস্পতিবার সংবাদমাধ্যম রাশিয়া টুডের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা মেহের নিউজ। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক অবকাঠামো পুনর্গঠনের সঙ্গে জড়িত দুই সদস্যকে টার্গেট কিলিং করেছে। খবর আনাদোলু এজেন্সির।
ফিলিস্তিনের সরকারি সংস্থা ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট কমিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব জেরুজালেমে ই-ওয়ান এলাকায় নতুন বাড়িগুলো নির্মাণ করা হবে। এই এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ ইসরাইলের মূল ভূখ- থেকে পশ্চিমতীরের ইসরাইলি শহর মারে আদুমিমে যাতায়াতের ক্ষেত্রে করিডর হিসেবে কাজ করে ই-ওয়ান এলাকা। ফলে ই-ওয়ান এলাকায় বসতি স্থাপনকারীদের জন্য বাড়ি নির্মাণ করা হলে পশ্চিম তীরে ইসরাইলের দখলদারিত্ব আরও পাকাপোক্ত হবে। ইসরাইলের ভূমি কর্তৃপক্ষ এই টেন্ডার আহ্বান করেছে। ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট কমিশনের প্রধান মুআয়াদ শাবান বলেন, আন্তর্জাতিক চাপের কারণে পূর্ব জেরুজালেমে ইসরাইলের দখলদারিত্ব কার্যক্রম প্রায় ৩ দশক বন্ধ ছিল।
কিন্তু গাজা যুদ্ধ সব ওলট-পালট করে দিয়েছে। ই-ওয়ান এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীদের বাড়ি নির্মাণ সংক্রান্ত এই প্রকল্পটি ইসরাইলের মন্ত্রিসভায় পাস হয়েছিল ২০২৫ সালের আগস্ট মাসে। প্রসঙ্গত, ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় জাতিসংঘ ঘোষণা দিয়েছিল যে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে ইসরাইল ও ফিলিস্তিন নামের দুটি পৃথক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আরও বলা হয়েছিল গাজা, পশ্চিমতীর এবং পূর্ব জেরুজালেমের সমন্বয়ে গঠিত হবে ফিলিস্তিন রাষ্ট্র এবং এই রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। ঐতিহাসিক শহর জেরুজালেম ২ অংশে বিভক্ত। এর পূর্ব ভাগটি পড়ে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের অংশে এবং পশ্চিম ভাগ পায় ইসরাইল।
এই অংশটি শুধু জেরুজালেম নামে পরিচিতি পায়। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরাইল। তারপর থেকে এখনো এই শহর ইসরাইলের দখলেই আছে। মুআয়াদ শাবান বলেন, পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি জনসংখ্যা বৃদ্ধি ঠেকাতে তারা শহরটিকে ফিলিস্তিনের ভূখ- থেকে বিচ্ছিন্ন করে পশ্চিম জেরুজালেমের সঙ্গে যুক্ত করতে চায়। তাদের সেই পরিকল্পনার অংশ হিসেবেই এই আবাসিক প্রকল্পের কাজ শুরু হচ্ছে। প্রসঙ্গত, গত তিন দশকের বেশি সময় ধরে একটু একটু করে প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের ভূখ- দখল করছে ইসরাইল এবং গাজা উপত্যকায় হামাস-ইসরাইল যুদ্ধ এই দখলদারি কার্যক্রমে উল্লম্ফন ঘটিয়েছে।
ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট কমিশনের তথ্য অনুসারে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পশ্চিমতীরে বসতি স্থাপনকারীদের জন্য ১০ হাজার ৯৮টি বাড়ি নির্মাণের টেন্ডার পাস করেছে ইসরাইল। এদিকে লেবাননে নিহতদের একজন প্রকৌশলী ছিলেন এবং তিনি হিজবুল্লাহর সামরিক অবকাঠামো পুনর্গঠনের নেতৃত্ব দিচ্ছিলেন। ইসরাইলি সেনাবাহিনী আরও বলেছে, দক্ষিণ লেবাননের খিরবেত সেলম এলাকায় হামলা চালানো হয়। এতে হিজবুল্লাহর দুই সদস্য নিহত হন।
বিজ্ঞাপন
Shwapno Super Shop
তবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এবং লেবাননের ভূখ-ে ধারাবাহিক হামলা চালানোর বিষয়টি উপেক্ষা করে দখলদার ইসরাইল করেছে, এই দুই হিজবুল্লাহ সদস্যের কার্যক্রম তেলআবিব ও বৈরুতের মধ্যে হওয়া চুক্তির স্পষ্ট লঙ্ঘন ছিল। উল্লেখ্য, লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরাইলি সেনাবাহিনী শতশতবার ওই চুক্তি লঙ্ঘন করে দেশটির বিভিন্ন অঞ্চলে বিমান, ক্ষেপণাস্ত্র ও স্থল হামলা চালিয়েছে। এছাড়াও দক্ষিণ লেবাননের কিছু অংশ এখনো তাদের দখলে রয়েছে।
No Comment Yet