কেন্দ্র দখল করতে আসলে আরেকটি ৫ আগস্ট ঘটবে: নাহিদ ইসলাম
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ সময়: ০২:২১:৫৮
ভোটকেন্দ্র দখলের কোনো চেষ্টা হলে দেশে আবারও ৫ আগস্টের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, চাঁদাবাজি, সহিংসতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
শুক্রবার সকালে সাভার বাসস্ট্যান্ডের নিউমার্কেট এলাকায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি স্পষ্ট করে জানান, ভোটের অধিকার হরণ বা কেন্দ্র দখলের চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। তাঁর ভাষায়, এমন কিছু হলে দেশে আরেকটি ৫ আগস্টের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
নাহিদ ইসলাম আরও বলেন, ৫ আগস্টের পর যারা চাঁদাবাজিতে জড়িয়েছে, পাথর ছুড়ে মানুষ হত্যা করেছে এবং লাশকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি পক্ষ বিদেশি আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, যা জনগণ কখনো মেনে নেবে না।
প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক জোটের সমালোচনা করে তিনি বলেন, একটি দল ছোট দলগুলোকে নিজেদের ভেতরে ঢুকিয়ে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। যারা লাশের রাজনীতির ওপর ভর করে ক্ষমতায় যেতে চায়, তাদের বিরুদ্ধে আগামী ১২ ফেব্রুয়ারি জনগণকে শক্ত অবস্থান নিতে হবে বলেও তিনি আহ্বান জানান।
বিজ্ঞাপন
anjara world
সমাবেশে আরও বক্তব্য দেন ১১ দলীয় জোটের ঢাকা–১৯ আসনের প্রার্থী দিলশানা পারুল। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার এবং সাভার উপজেলা এনসিপির সমন্বয়ক মো. জুলকারনাইন।
No Comment Yet