মা ও মাটির টানে— তারেক রহমান আসছে...

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের মাটিতে ঐতিহাসিক প্রত্যাবর্তন হতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে নিয়ে মাতৃভূমির পথে উড়াল দিয়েছে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট। 

বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছে ফ্লাইটটি। 

সব ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ মাতৃভূমিতে পা রাখবেন তারেক রহমান। সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। তাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

এরই মধ্যে বিএনপির অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে “মা ও মাটির টানে— তারেক রহমান আসছে...” ক্যাপশনে একটি ছবি পোস্ট করা হয়। ছবিতে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে দেখা যায়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে দেশের মাটিতে প্রস্তুত বিএনপি। আগামীকাল ২৫ ডিসেম্বর তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজকীয় সংবর্ধনার ব্যবস্থা করেছে দলটি; রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় তৈরি করা হয়েছে সুবিশাল এক মঞ্চ।

0%
0%
No Comment Yet